কবি জয়শ্রী সরকার


 জয়শ্রী সরকার

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সাম্মানিক, স্নাতকোত্তর, বি. এড.।কে.স.কর্মী । প্রচার বিমুখ । খুব ছোটবেলা থেকেই লেখালিখি । রাজ্যস্তরে দু'টি পুরস্কার-প্রাপ্তি। নেশা : পড়াশোনা, লেখালিখি,আবৃত্তি , গান ।প্রকাশিত কাব্যগ্রন্থ : বেশ তো আছি সর্বনাশে ( সাহিত্য রঙবেরঙ ---কলকাতা ),অনন্ত পথিক (জয় গোস্বামীর ভূমিকা সমৃদ্ধ)( মহাদিগন্ত --- কলকাতা ), কবিতাও কথা বলে (প্রিয়শিল্প প্রকাশন,কলকাতা ) ওমঞ্চসফল রূপক-সাংকেতিক নাটক : কানামাছি ভোঁ ভোঁ ।


গুচ্ছ কবিতায়
কবি জয়শ্রী সরকার


মন চলো নিজ নিকেতনে

     

মাঝে মাঝে ইচ্ছে করে ডুমুরের ফুল হতে ,

ইচ্ছে করে --- নিজস্ব লোকালয় থেকে দূরে বহুদূরে

পরিচিত জগতটার নিটোল একটা জলছবি আঁকতে ,

যেখানে স্বরচিত ভূগোলটা অন্য কথা বলে ;

বিরক্তি আর বিতৃষ্ণা জাগে না যেখানে ,

থাকে শুধু চিন্তনের অনায়াস পদসঞ্চার !

আবছা করে দিতে ইচ্ছে করে স্মৃতিপটটাকে .....


মন চায়-----জারজর্জর শীতে উদোম ছেলেটার মতো

রোদ্দুর ধ'রতে , 

ইচ্ছে করে কান পেতে শুনি -----

শিশির ভেজা ঘাসেদের নৈঃশব্দ্যকথন ,

হারিয়ে যেতে ইচ্ছে করে সেখানে----যেখানে ফুল-শিশু আর গানেরা হাতে হাত ধরে

রূপকথার স্বর্গ রচনা করে !


 অযান্ত্রিক

       

তোমার ' নক্ষত্র পোড়ার গান ' 

আমায় নিবিড় ধ্যানে মগ্ন করে ,

ব্যবহারিক জীবনের জ্যামিতিক ছন্দে পেয়েছো কেতকীকে ,

যেমনটি সবাই পায় ;

কিন্তু লাবণ্যদীঘি ? 

সে তো তোমার মগ্ন-চৈতন্যের অতলান্তিকের অতলে ।

তাকে খুঁজে পাবে -----

হৃদয়ের অনুভবে , বোধির বীক্ষণে

ঝাউবনের নীরবতায় ----- বনবাংলোর নৈঃশব্দ্যে, আর পাবে ---- নিস্তরঙ্গ মাঝসমুদ্রের স্তব্ধতায়

আকাশের নীলে -----

একাকীত্বের অক্ষরমালায় সাজানো শারদ-শুভেচ্ছায় ....... !


ভালো

       

ভালোকে কত সহজেই ভালোবাসা যায়

স্থান-কাল-পাত্র

লিঙ্গভেদ না করেই !


ভালোকে কত সহজেই কাছে আনা যায়

মনন-উপলব্ধি দিয়ে

স্পর্শ না করেই !


ভালোকে কত সহজেই শ্রদ্ধা করা যায়

বয়োজ্যেষ্ঠ হয়েও 

অহংকে তুচ্ছ না করেই !


ভালোতে কত সহজেই আলো ফেলা যায়

স্বচ্ছ জীবনবোধে

স্বার্থত্যাগ করেই !


ভালোকে কত সহজেই মনে রাখা যায়

দূরান্তরিত হলেও

অলখে অশ্রুপাত করেই !



Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস