কবি দারা মাহমুদ
দারা মাহমুদ
গাছ ও মানুষ
গাছেরও প্রেমিকা থাকে, সেই প্রেম পর্ব চলে
কিছুটা অলক্ষ্যে...মাটির ভেতর দিয়ে
শেকড়ে বাঁকড়ে অন্ধকারে অদৃশ্য টানেল বরাবর
তুমুল সঙ্গম শেষে ফুল ফল সবুজ প্রশ্বাস
ঘর বাঁধে অসুস্থ দুনিয়ায়
গাছ একা একা দাঁড়িয়ে থাকেন পথ পাশে
ফ্ল্যাটের টবের মধ্যে ছাদে কার্নিশে বেলকনিতে
অথবা নিষণ্ন হাইওয়ের পাশে একা
কিন্তু গাছ কখনোই একা নয়, গাছের সমাজে
বরং মানুষ একা বড্ড একাকী
ভেতরে ভেতরে
মানুষ কবিতা
কিছু কবিতা একা পড়া যায় না, আবার
কিছু কবিতা একাই পড়তে হয়
সব মানুষই কবিতা পড়ে... দ্বৈত সত্তাও,
এমন কি অক্ষরজ্ঞানহীন যারা তারাও
কবিতাকে দিয়ে দেয় অনেক বিশ্রাম সন্ধ্যা
বলা যায় কবিতা ছাড়া মানুষই হয় না
অথবা ‘মানুষই কবিতা’ বিশেষত
নারী পুরুষ এরা ওরা এবং তারা...
লক্ষ্য বিভ্রম
আরো খানিকটা দূরে যেখানে নদীর স্তন
চেপে ধরে আকাশ আর শাদা বক
সেখানে যাওয়ার শখ ছিল লোকটারÑ গেলোও...
কিন্তু তখনি মেঘ বক শাদা অনুভব সরে গেলো দূরে
যেখানে নদীর কোমরটা বেঁকে গেছে সমুদ্রের দিকে
এভাবেই লক্ষ্য সরে সরে যায়
ঠিক যেভাবে দেহতত্ত্ব ঘন ঘন বাঁক বদলায়
মাথা থেকে পুরনো শহর নেমে গেলে
মাথা হালকা হয় না, বরং পরিত্রাণহীন অন্য শহর
মাথায় ভর করে
জীবন মানেই লক্ষ্য নির্ধারণ আর
লক্ষ্য মানেই সরে সরে যাওয়া কিছু...
Comments
Post a Comment