কবি অমিত গোলুই


অমিত গোলুই 

জন্মঃ ৩১ জানুয়ারি ১৯৭৯ , হাওড়ায় । পেশাঃ ব্যবসা

প্রথম কবিতা ছাপা হয় ১৯৯৬ সালে 'নাবিক' পত্রিকায় । তারপর অজস্র ছোট বড়ো পত্রিকায় প্রচুর কবিতা প্রকাশিত হয়েছে । তার মধ্যে উল্লেখ যোগ্য -- কবিকৃতি , কবিতা পাক্ষিক , পর্বসন্ধি , কবিপত্র, মহারাজ, এবং মুশায়েরা , কয়েকজন , যুবমানস, দেশ, সানন্দা, তথ্যকেন্দ্র, প্রাগভাষা, রক্তমাংস, কবিসম্মেলন , প্রতীতি,পদ্য, একমাত্র, যুগ সাগ্নিক , সৃষ্টির একুশ শতক,কবিতা আশ্রম , শুধু বিঘে দুই প্রভৃতি । দেশ পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয় ২০০২ সালে । প্রকাশিত গ্রন্থঃ ১টি (কবিতার)  নামঃ 'কেউ কারও সঙ্গে নেই'।

পুরস্কারঃ দু'মুঠো পাগল ধান পত্রিকা থেকে কবি বিষ্ণু দে পুরস্কার ।শখঃ বই পড়া,গান শোনা,ভ্রমণ।


গুচ্ছ কবিতায়
কবি অমিত গোলুই





দেখা 


যা দেখি তা কি সব ঠিক  ? 

দেখার মধ্যে কী কিছু অদেখা থেকে যায় না ?


টিলার ওপর ফুল-পাতাহীন যে গাছটাকে 

এতদিন নেড়া বলে জেনেছি 

আজ তবে কেন মনে হচ্ছে 

দু'হাত তুলে সেই গাছটাই

মস্ত আকাশ ধরে আছে ? 


পিছুটান 


দুটো ডানা থাকলেই কি

পিছুটান ভুলে যাওয়া যায় ? 


আমগাছের উঁচু ডালে ছানাদের বাসায় রেখে 

পাখি কি আপন মনে উড়ে যেতে পারে ? 


অস্পষ্ট সুতোয় বাঁধা ঘুড়ির মতো যার জীবন 

ইচ্ছে ডানা ঝাপটালেও 

মায়ার সুতো যাকে টেনে ধরে 

সে কি কখনো কাটা ঘুড়ি হতে পারে ?


পথ


পথ একটাই 


যে বন্ধুরা ভুল বুঝে চলে গেছে 

যে বন্ধুরা ভুল ভেঙে ফিরে এসেছে 

তারাই লেন, বাইলেন হয়ে গেছে । 











Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস