কবি রবীন বসু


রবীন বসু


জন্ম:- ১৯৫৮, দঃ ২৪ পরগণা। শিক্ষা অনার্স সহ স্নাতক। ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি। একটি বহুজাতিক প্রকাশনা সংস্থায় চাকরি। বর্তমানে অবসর।প্রকাশিত কাব্যগ্রন্থ ৭, গল্পগ্রন্থ ৩, উপন্যাস ১। সম্পাদিত গ্রন্থ ৪, পত্রিকা ২। পুরস্কার : দক্ষিণ ২৪ পরগণা জেলা সেরা গল্পকার (পশ্চিমবঙ্গ সরকার, ১৯৮৭), মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮ সহ কবিতার জন্য ৬টি ও গল্পের জন্য ৫টি পুরস্কার। এছাড়া তিনটি জীবনকৃতি সম্মাননা ২০১৯ ও ২০২০।


গুচ্ছ কবিতায়

কবি রবীন বসু















বীরাচার সমন্বিত


কাপালিক সময় বসেছে শিলাখণ্ডে

বীরাচার সমন্বিত এই উৎপাটন

তন্ত্রোক্ত সীমায় সিদ্ধাসন পাতা আছে

বাহ্য অনুভূতি বিনির্মাণ অন্ধকারে

ফসিলস্পর্শেই উচাটন বনভূমি

সাধনসঙ্গিনীর প্রতীক্ষা, এও বাহ্য

অন্তর্গত স্রোতে গভীরতা বেমানান

অদৃশ্য সুতোয় লম্বমান পার্থিবতা।


ফলাফল নির্ভর সাধনা অলৌকিক

লূতাতন্তু পাতা আছে দৃঢ় বেড়াজাল

শিকারীর ওতপাতা অভিসন্ধি স্থির

অবশ শিকার জানা নেই ঘাঁতঘোঁত

নীলবিষে মৃতপ্রায় তবু চোখ খোলা

অনন্ত প্রতীক্ষা বরাবর নির্নিমিখ।


অভাবের বাদাবন

১

ভাঙানৌকোর খোল থেকে গল্প উঠে এল

ভাটির গদ ঠেলে দুটো দশটাকার কয়েন হাতে

মেয়েটি গাঙ পার হল;


বাদাবনের গল্প লকডাউন মানেনি

অভাব সংক্রামক হয়ে ক্ষুধার আগুন

আবিশ্ব গিলে নেবে লোনাজল, দুঃখের দিন;


অর্থনীতি উন্নয়নমুখী, নাকি হা-পেট মিথ্যে

এসব জানার কোন ইচ্ছে নেই ভাঙানৌকোর মেয়েটির...


গরিবের ভারতবর্ষ


বিকেল নেমে আসছে ধীরে

শ্লথ হল আলোর ঝরনা

ধনেশ পাখি গাছের কোটরে ডিমে তা দেয়

পুরুষসঙ্গীটি পাহারায়

অন্য পাখিরাও ফিরছে নীড়ে

শব্দতরঙ্গ

আদিবাসী মেয়েরা কাঠের বোঝা মাথায় 

গ্রামে ফেরে

সাংসারিক কাজকর্ম সারে, কুপি জ্বালে

যাপিত অভাব আর অনিশ্চিত জীবন

কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে অভুক্ত পেটে

তখন অন্য পারে

উজ্জ্বল হয় সন্ধ্যার মজলিশ

আলোকিত বিন্যাসে কাঁপে শহর-সভ্যতা

ডাস্টবিন উপচে পড়ে অব্যবহৃত খাদ্য

প্রাচুর্যের পাশে এই নিঃস্ব অসহায়

গরিবের ভারতবর্ষ শুধু একবার মুখ তুলে চায়‌।

Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস