কবি গৌতম হাজরা
গৌতম হাজরা
আশির দশকের কবি। কবিতা লেখার পাশাপাশি ছড়া, গল্প, নিবন্ধ লিখেছেন থাকেন। প্রকাশিত কবিতার বই সাতটি। প্রতীতি পত্রিকার সম্পাদক। কাব্যগ্ৰন্থ ও পত্রিকা সম্পাদনার জন্য অনেক পুরস্কার পেয়েছেন।
গুচ্ছ কবিতায়
কবি গৌতম হাজরা
নির্ভরতা
টুকরো টুকরো নির্ভরতা নিয়ে
দিনযাপনের পাঠে বসে যাই
সহজপাঠ খুলে যখন একটা একটা করে
পাতা ওলটাই
দেখি, নির্ভরতার মধ্যে কে যেন
রোদ ছুঁয়ে গেছে
তাপে সন্তাপে ভাবলেশহীন চোখে
তখন নিজেকে সাজাই
আর আলোর কোলাজে খুঁজি
দেবদারু পাতা
বিস্ময়চিহ্ন নিয়ে চিরহরিৎ এই শহরের দিকে!
হে নৌকো
কতদিন বন্দী আছে এই নৌকো
যেন আনমনা,
তবে কি শোনে না কোনও জলের ব্যঞ্জনা?
ভেসে যাওয়া ভুলেছে সে কি?
পারানিতে পড়েছে কি টান?
কোথায় হারালে তবে স্রোতে ভাসা ভাটিয়ালি গান?
আর কতদিন বলো এভাবে দিন যাবে?
হে নৌকো
এবার তবে, ভেসে যাও অকুল জলে
পাল তোল, নোঙর গোটাও
টান দাও কালের কল্লোলে !
নাগাল
এই যে ঝাঁপি খুলে সন্তানকে নাচাচ্ছো, নাচাও
এই যে একতারা বাজিয়ে ঘুরছো, ঘোরো
কিন্তু এটাও দেখো সন্তান যাতে হুমড়ি খেয়ে না পড়ে
একতারা ছিটকে না যায়
কারণ, এসব নিয়েই তো এই ভবের সংসার।
তাল ঠুকছো যখন ঠোকো,খঞ্জনি বাজাচ্ছে যখন বাজাও
নাম ছড়াচ্ছে যখন ছড়াও
কেবল ব্যোমভোলা হয়ে কখনো উদ্বাস্তু হয়ো না
তাহলে ধোঁয়া দমক মারতে মারতে ঢুকে পড়বে তোমার ঘরে
তখন কোথায় তোমার জন্ম, কে তোমার মা-বাপ
তুমি এদেশী না ভিনদেশি কেউ জানতে চাইবে না
শুধু দেখবে বাপ আলপথ দিয়ে হেঁটে চলেছে একা
ভাঙা একতারার মতো
আর মা ঢেউ পেরুতে পেরুতে চলে যাচ্ছে অনেক দূরে
যেখানে তুমি হাত বাড়িয়েও তার নাগাল পাবে না!
ভীষণ সুন্দর দাদা সব গুলি কবিতা
ReplyDelete