কবি সৈয়দ খালেদ নৌমান


সৈয়দ খালেদ নৌমান

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খোশবাসপুর গ্রামের এক শিক্ষিত, প্রগতিশীল ও সাহিত্য অনুরাগী পরিবারে জন্ম। পারিবারিক এক নিবিড় কবিতাচর্চার পরিমণ্ডলে বেড়ে ওঠার ফলে শৈশবেই কবিতা চর্চার শুরু। মাত্র১১ বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয় কলকাতার অধুনালুপ্ত দৈনিক 'স্বাধীনতা' পত্রিকার ছোটদের বিভাগ ' কিশোর সভা'-য়। এবং ৭০দশকের প্রথম দিকে অধুনালুপ্ত সাপ্তাহিক 'অমৃত' সাপ্তাহিক 'বসুমতী'-তে একই সপ্তাহে বড়দের পত্রিকায় কবিতা প্রকাশিত হয়। তারপর থেকে কলকাতা ও জেলার অসংখ্য পত্র-পত্রিকায় তার গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়। প্রকাশিত কবিতার বই দুটি-- 'ক্রান্তিকালের কবিতা'(১৯৮০) ও 'ভালবাসার শতবর্ষ'(১৯৯৫)। গবেষণামূলক গ্রন্থ একটি-- 'মুর্শিদাবাদের কবিতা চর্চার ধারা'(২০১১)। সম্পাদিত কবিতার বই দুটি-- 'কবিতা মুর্শিদাবাদ'(১৯৯৬) ও 'সাতজন ও সংযোজন'(২০১০)।


গুচ্ছ কবিতায়
কবি সৈয়দ খালেদ নৌমান


সাপ ও গোলাপ উদ্যান নিয়ে


সাপ ও গোলাপ উদ্যান নিয়ে বুকের ভেতর 

আমি একবার কবিতার কাছে যাই, একবার মহিলার কাছে, 

আর কবিতা ও মহিলার কাছে হ ই সমান বঞ্চিত


গোলাপ প্রহরী কি সাপ

অথবা কি সময় সময় নিতে হয় গোলাপে আশ্রয়? সাপ ও গোলাপ নিয়ে বুকের ভেতর

সর্বনাশের খেলায় মেতে আছি সুদীর্ঘ অনেক বছর


সুদীর্ঘ অনেক বছর ধরে সাপ ও গোলাপ উদ্যান পৈত্রিক ভিটের মতো ভূভাগে সংসার করে সুখ- দুঃখে?

আমার আত্মা খেয়ে গোলাপ হচ্ছে গোলাপ,

সাপ-- মনিরাজ 

আর আমার জন্য থাকে শুধু পুষ্যির অভিশাপ । 


সুদীর্ঘ অনেক বছর ধরে কবিতা ও মহিলার কাছ থেকে 

পেয়ে আসছি সমান বঞ্চনা। 

নিঃসঙ্গ নক্ষত্রের মতো ম্লান আলো জ্বেলে 

হাজার বছর ধরে সাপ ও গোলাপ উদ্যান নিয়ে বুকের ভেতর...


তবু বারবার কবিতা ও মহিলার কাছে যাবো,

নতুন ভুবনের জন্য যাব নতুন বঞ্চনার কাছে।



কফি হাউস@১৯৬৬


(দীপেন,শিশির, তুষার,স্বপ্নেন্দু, জীবন প্রমূখ সব বন্ধুদের মনে রেখে) 


কফি হাউসে বসে আছে কয়েকজন উজ্জ্বল যুবক কফির পেয়ালা হাতে টেবিলের চারপাশ ঘিরে; সাহিত্য-শিল্প- দর্শনের পথ হেঁটে যেন সদ্য ফিরে এলো তারা জ্ঞানযোগী-- জমজমাট এ-সান্ধ্য বৈঠক।

পার্কে-রেস্তোরাঁয় কিংবা কোনো বারান্দার রক

 সর্বত্র সমান দীপ্ত, ভেসে যায় এলিয়ট- গ্যেটে- শেক্সপিয়ার 

তর্কের স্রোতে সাত্রে, কার তো কিংবা আউটসাইডার আলবেয়ার 

কামু; আর ভেসে ওঠে কয়েকজন যুবক 


পাশের টেবিলে বসে খাচ্ছিলেন এক জ্ঞানী অধ্যাপক,

তরুণ-যুবকদের চোখে জ্ঞানের অনিন্দ্য শিখা দেখে 

যুগের বৈশিষ্ট্যে মুগ্ধ হলেন যেন সহসা প্রধান--

তাদের জ্ঞানের ঝড়ে শেক্সপিয়ার-গ্যেটে একদিন উড়ে গেছে ধুলো হয়ে--এই তথ্য কফি হাউস থেকে শিখে নিয়ে অধ্যাপক হয়ে গেলেন সহসা যুবক।


একজন কবি 


কেননা একজন কবি কোন রাষ্ট্র নন। নির্দিষ্ট সুনির্দিষ্ট কোন ভূখণ্ড নেই একজন কবির। সৌর সংসারেও নেই, পৌর সংসারেও নেই। একজন কবি কম্পাসহীন কলম্বাস। যেরকম ধর্মের কোন নির্দিষ্ট ভূখন্ড নেই, সেরকম কবিরও নেই,কবিতারও নেই।সৌর সংসারেও নেই,পৌর সংসারেও নেই।কবি ও কবিতার তাই নিজস্ব ভূখণ্ড নেই, ধর্মেরও তাই নিজস্ব ভূখণ্ড নেই। একজন কবি তাই চতুর্থ বিশ্বের নিঃসঙ্গ নাগরিক।


Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস

কবি প্রতাপ সিংহ