কবি প্রতাপ সিংহ


প্রতাপ সিংহ 

জন্ম:- ১৯৭১ সালের ২৬ জুন। আদি বাড়ি বীরভূমের কলহপুর গ্রামে। স্কুল-কলেজের পড়াশোনা বার্নপুর-আসানসোলে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। বড়দের পাশাপাশি ছোটদের কবিতাও লেখেন। বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা। প্রকাশিত গ্রন্থ : উঠল বেজে বাঁশি, প্রাণের কথার তরী আমার, ঘুড়ির মতো একা এবং দুঃখ দুঃখ ফুলের বাগান।

গুচ্ছ কবিতায়                                                  

প্রতাপ সিংহ








একটা বজ্র


এইমাত্র একটা বজ্র আকাশ থেকে নেমে এলাে।

তার তীব্র গতি আর বিস্ফোরণ

বুঝে উঠতে না উঠতেই

পুড়ে ছাই হয়ে গেল আমাদের

ফুলের বাগান।


সুরভি নেই, কিন্তু আমাদের বাড়ির পাশে

বিদ্যুতের ফুলগুলােকে

বেশ সতেজ দেখাচ্ছে।


কলহপুর


আমার গ্রামের নাম কলহপুর।

কেন এই নাম, কে জানে।

মানুষে মানুষে বেশ সদ্ভাব আছে

ভালোবাসা আছে

ঐক্যের বন্ধন আছে

সহজে বিরোধ হয় না, গণ্ডগোল হয় না

লাঠালাঠি হয় না, কোনো

কলহও হয় না।

তবু কেন যে কলহপুর নাম কে জানে !


সহজ সরল নিস্তরঙ্গ গ্রাম কলহপুর

বিবাদ নেই, বিভেদ নেই,

নগরজীবনের ছোঁয়া লেগেছে, তবু

কোনো কৃত্রিমতা নেই,

আড়ম্বর নেই ।

কলহপুরের আমি সন্তান সেজন্য

আমার গর্বের সীমা নেই।


মুখে কিছু তুললেন না


ছাদে গেলেন, বাগানে ঘুরলেন,

পুকুর প্রদক্ষিণ করলেন,

আলমারির সামনে দাঁড়িয়ে

কতগুলো কবিতার বই আছে, গুনলেন

ছ' ঘন্টা টানা এ বাড়িতে থাকলেন

কিন্তু মুখে কিছু তুললেন না,

এটা কি ভালো করলেন স্যার?

আত্মীয় হতে চলেছেন অথচ

কেমন যেন অনাত্মীয় অনাত্মীয় আচরণ,

খুব খারাপ লাগছে।



Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস