কবি সব্যসাচী সরকার
সব্যসাচী সরকার
সব্যসাচী সরকার নয়ের দশকের কবি। প্রথম কবিতার বই, ‘শুধু উইকেট বোঝে।’ এ ছাড়া উপন্যাস লিখেছেন দশের বেশি। ক্রীড়া সাংবাদিকতার জন্য পেয়েছেন 'মতি নন্দী পুরস্কার'। পেশার জন্য ঘুরেছেন বিশ্বের নানা দেশ। বর্তমানে ‘এই সময়’ দৈনিকের ক্রীড়া সম্পাদক।
গুচ্ছ কবিতায়
কবি সব্যসাচী সরকার
জোকার নিয়ে আরও তিন
১
মানুষ কী ভাবে খেলছে, ঢোক গিলে লক্ষ্য করছিল জোকার। চোখ পিটপিট করতে করতে। নিজের অজান্তেই নিচ্ছিল যুগান্তকারী কয়েকটা সিদ্ধান্ত। যেমন? হাঁটু মুড়ে বসাটাই প্রতিবাদ নয়, গোপনে গোপনে আরও কাটাকুটি হবে….
২
সংসার ছেড়ে দেওয়ার আগে ডাইনিকে কয়েকটা বিষয় পরিষ্কার করে দিতে চেয়েছিল জোকার। কিন্তু বোঝাতে গিয়ে দেখল, ডাইনির খিলখিলে হাসির সঙ্গে মিশে থাকছে সমঝোতার চোরা প্রতিশ্রুতি। প্রতিটি উপেক্ষার পিছনে ডুবোজাহাজের মতো নানারকমের আকাঙ্খা।
এইরকম সময়ে মেঘ হাত বাড়িয়ে ডাকে জোকারকে, সে দেখতে পায় হেয়ারপিন বেন্ড, কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা লাল রঙের সরু ফিতে
৩
গভীর জঙ্গলের মধ্যে ঝর্ণা দেখতে পেয়ে জোকারের মনটা খুশি খুশি হয়ে উঠেছিল। এরকম ঝর্ণা দেখলেই তার মধ্যে একটা চতুষ্পদ ঢুকে পড়ে। জলে মুখ দিয়ে চুকচুক করে জিভ চাটে। কিন্তু এই নিঃশব্দ জঙ্গলে হঠাৎ মানুষ হওয়ার চেষ্টা করে জোকার। তার কি দুটো পা? নাকি চারটে? এই প্রশ্নের সামনে অসহায় বোধ করে, হাসে…
Comments
Post a Comment